স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ জেলার অক্টোবর ও নভেম্বর মাসে ৪র্থবারের মতো শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এবং জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে সম্মাননা অর্জন করেছেন সিংগাইর থানায় কর্মরত এএসআই শরীফ হোসাইন।
বৃহস্পতিবার মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার হাতে এ সম্মাননা তুলে দেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বিপিএম।
মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হয়ে তিনি সম্মানসূচক ক্রেস্ট লাভ করেন। পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলার আইনশৃঙ্খলা রক্ষা, ওয়ারেন্ট তামিল কার্যক্রমে দক্ষতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে তাকে এ ক্রেস্ট প্রদান করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নিয়মিত ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে গুরুত্বপূর্ণ মামলার ওয়ারেন্ট তামিলে সাফল্য অর্জন করায় তিনি একাধিকবার জেলার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি লাভ করেছেন।
সম্মাননা গ্রহণের পর এএসআই শরীফ হোসাইন বলেন, “এই অর্জন এককভাবে আমার নয়। সিংগাইর থানার সকল অফিসার ও ফোর্সের ভালোবাসা, সহযোগিতা ও নিরলস সাপোর্টের ফলেই আজ এ সম্মান অর্জন করতে পেরেছি।”
তিনি আরও বলেন, তার পেশাগত উন্নয়ন ও দায়িত্ব পালনে যারা সর্বদা দিকনির্দেশনা ও অনুপ্রেরণা দিয়ে পাশে ছিলেন, তাদের প্রতি তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। বিশেষ করে তিনি তার শ্রদ্ধেয় সার্কেল অফিসার, সিংগাইর থানার অফিসার ইনচার্জ এবং এসআই পার্থ শেখর ঘোষের প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করেন।
পুলিশ প্রশাসনের কর্মকর্তারা জানান, এ ধরনের সম্মাননা পুলিশ সদস্যদের কাজের প্রতি আরও উৎসাহিত করে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সিংগাইর থানার পক্ষ থেকেও এ অর্জনকে গর্বের বিষয় হিসেবে দেখা হচ্ছে।